ডিসেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘোড়া ব্যবসায়ীর দুর্ব্যবহার, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটে। কিন্তু সম্প্রতি সৈকতের সুগন্ধা পয়েন্টে কিছু অসাধু ঘোড়া ব্যবসায়ীর অতিরিক্ত ভাড়া দাবি ও দুর্ব্যবহারের অভিযোগে পর্যটকদের আনন্দ ভ্রমণ নষ্ট হয়ে যাচ্ছে।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। জানা গেছে, ১৫০ টাকায় দরদাম ঠিক হওয়ার পর একজন শিশু ঘোড়ায় উঠে মাত্র কয়েক হাত পথ গিয়ে ভয় পেয়ে নেমে যায়। পরে একই পরিবারের আরেক শিশু সেই একই দূরত্ব অতিক্রম করে সেই ঘোড়া ব্যবসায়ীর সাথে চুক্তি হওয়া পথ কাভার করে দেন। কিন্তু ফেরার পর ঘোড়া ব্যবসায়ী পূর্ব চুক্তি অস্বীকার করে ৩০০ টাকা দাবি করেন।

পর্যটকরা বিষয়টি নিয়ে আপত্তি জানালে ঘোড়া ব্যবসায়ী অত্যন্ত অশোভন আচরণ করেন এবং খারাপ ভাষা ব্যবহার করে তেড়ে যান। পর্যটকরা ২৫০ টাকা দিতে রাজি হলেও তিনি তা নিতে অস্বীকৃতি জানান এবং ক্ষিপ্ত আচরণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সরেজমিনে দেখা যায়, ঘোড়া ব্যবসায়ী শুধু অতিরিক্ত টাকা দাবি করেই থেমে থাকেননি, বরং পর্যটকদের সঙ্গে রূঢ় ও অপমানজনক আচরণ করেছেন। এতে আশেপাশের অনেক পর্যটক ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন,
“অভিযুক্ত ঘোড়া ব্যবসায়ীর বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, কক্সবাজারের পর্যটন ভাবমূর্তি রক্ষায় এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রটি পর্যটক হারানোর ঝুঁকিতে পড়তে পারে।