ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ’

সমাজে বৈষম্য দূরীকরণ, নারী নেতৃত্বের বিকাশ এবং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সকাল ৯:৩০ মিনিটে দেশের অন্যান্য উপজেলার মতো কক্সবাজারের উখিয়া উপজেলাতেও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হোসেন চৌং, উপজেলা নির্বাহী অফিসার উখিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরওয়ার জাহান চৌধুরী, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উখিয়া উপজেলা শাখা ও উখিয়া উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান।

উপজেলা পরিষদ মিলনায়তনে অতিথিবৃন্ধ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আল মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

এই জাতীয় কর্মসূচির কেন্দ্রীয় আনুষ্ঠানিকতা ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ।

তিনি তার বক্তব্যে বলেন, জুলাই পুনর্জাগরণ কোনো একক ঘটনা নয়, এটি একটি চলমান সংগ্রাম, যা নারী জাগরণ ও সমাজ উন্নয়নের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে একযোগে শপথ পাঠ করেন, একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন তাঁরা। শপথ পাঠের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও মূল্যবোধসম্পন্ন জাতি গঠনের আহ্বান জানান বক্তারা। তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ, নারী নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া, এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নই ভবিষ্যৎ সমাজের ভিত্তি।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়, উখিয়া, কক্সবাজার। সার্বিক সহযোগিতা প্রদান করে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, উখিয়া।

উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া তাঁর বক্তব্যে বলেন, এই শপথ পাঠ কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। যার লক্ষ্য একটি সুন্দর, সহনশীল ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করা।

এই আয়োজন প্রমাণ করেছে, প্রশাসন ও জনগণের যৌথ অংশগ্রহণে সমাজে বাস্তব পরিবর্তন আনা সম্ভব। নারী-পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমে একটি উদার ও প্রগতিশীল সমাজ গঠনের পথে ‘জুলাই পুনর্জাগরণ’ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে চলেছে।

এই আয়োজন শুধু শপথের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক নবজাগরণ, একটি আশা, একটি স্বপ্ন, যা দেশের প্রতিটি নাগরিককে সমাজ পরিবর্তনের সৈনিক হিসেবে গড়ে তুলবে।