কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক আবারও ভাঙনের মুখে পড়েছে। সাগরের জোয়ারের পানির প্রবল ঢেউয়ের আঘাতে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট, শাহপরীর দ্বীপ ও মহেশখালী পাড়া নৌ-ঘাটের অংশে এ ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে ভাঙন প্রবল হয়েছে। সাবরাং জিরো পয়েন্টের প্রায় এক-দেড়শ ফুট পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সড়কের অংশ ধসে পড়েছে। এতে করে জোয়ারের লবণাক্ত পানি ঢুকে পড়ায় চাষের জমির ফসল নষ্ট হচ্ছে।
স্থানীয় বাসিন্দা কলিম উল্লাহ জানান, জিও টিউব বাঁধ থাকা সত্ত্বেও সাগরের উত্তাল ঢেউয়ের ধাক্কা ঠেকানো যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে মেরিন ড্রাইভের জিরো পয়েন্ট অংশ সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, শাহপরীর দ্বীপের দিকে ভাঙন তুলনামূলকভাবে বেশি দেখা দিয়েছে। এর আগে বাহারছড়ার শীলখালী এলাকায় যেসব অংশ ভেঙেছিল, সেগুলো মেরামত করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ভাঙনের খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিপূর্বে ভাঙনকবলিত অন্যান্য অংশও মেরামত করা হয়েছে।