ডিসেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়া রেঞ্জে বদলী ঠেকিয়ে বহাল তবিয়তে বিট কর্মকর্তা ইসমাইল হোসেন

প্রশাসনিক শৃঙ্খলা ও বদলীর নীতিমালা প্রশ্নবিদ্ধ করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন হলদিয়া পালং বিট কর্মকর্তা ইসমাইল হোসেন দীর্ঘ সাড়ে চার মাস পেরিয়ে গেলেও একই দায়িত্বে বহাল তবিয়তে রয়েছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় সাড়ে চার মাস আগে উর্ধ্বতন কর্তৃপক্ষ তার বদলীর আদেশ জারি করলেও অজ্ঞাত কারণে তা কার্যকর হয়নি। সাধারণত প্রশাসনিক দক্ষতা ও নিরপেক্ষতা রক্ষায় সরকারি দপ্তরগুলোতে নির্ধারিত সময় অন্তর কর্মকর্তাদের রদবদল করা হয়। কিন্তু ইসমাইল হোসেনের বদলীর আদেশ বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণে স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, নিয়মিত বদলীর আদেশ যথাসময়ে কার্যকর না হলে মাঠ পর্যায়ের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কর্মপরিবেশে প্রভাব ফেলতে পারে। তারা আরও বলেন, একটি সরকারি দপ্তরের সুশাসন নিশ্চিত করতে বদলীর আদেশ বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ।

উল্লেখ্য, বিট কর্মকর্তা ইসমাইল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই কর্তৃপক্ষ তার বদলীর আদেশ জারি করে। কিন্তু এর পরেও দীর্ঘ সময় পার হলেও সেই আদেশ কার্যকর না হওয়ায় স্থানীয় মহলে নানা গুঞ্জন চলছে।

বদলী প্রক্রিয়ায় বিলম্বের কারণ জানতে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

বদলী বিষয়ে হলদিয়া বিট কর্মকর্তা ইসমাইল হোসেন এর সাথে ফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ না করাই মন্তব্য পাওয়া যাইনি৷

স্থানীয় সচেতন মহল মনে করছে, বন বিভাগের প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষায় এ ধরনের আদেশ দ্রুত কার্যকর করা জরুরি, যাতে মাঠ পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হয়।