ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক-২: দেশীয় অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। অভিযানকালে তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক, কার্তুজ, ধারালো ছুরি, ধামা দা ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালের দক্ষিণ পাশে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের একটি ব্রিজের ওপর এই অভিযান পরিচালিত হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইনের সরাসরি দিকনির্দেশনায় এসআই সুমন কুমার দে ও সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এই বিশেষ রাত্রিকালীন অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে অবস্থান নেওয়া দুইজনকে হাতে-নাতে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, মোঃ আয়াস (২১), পিতা মোঃ ইলিয়াস, সাং- কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এবং কফিল উদ্দিন (২৮), পিতা জালাল আহমেদ, সাং- কুতুপালং পশ্চিমপাড়া। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি কার্তুজ, একটি ধারালো ছুরি, দুটি ধামা দা এবং একটি এসএস স্টিলের লোহার পাইপ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, রাত্রিকালীন নিরাপত্তা জোরদারে আমরা নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে আজকের অভিযানে দুইজন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্রসহ দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উখিয়ায় অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ ঘটনায় উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতির ধারায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।