ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মাও: মুহিব্বুল্লাহ হুজুর আর নেই

কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমখাপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপ্রতিষ্ঠিত অধ্যক্ষ, হাজারো ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন হযরত মাওলানা মুহিব্বুল্লাহ হুজুর (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৩ জুলাই ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

মুহিব্বুল্লাহ হুজুর ছিলেন একাধারে একজন মেধাবী, দীনদার, নীতিবান শিক্ষক এবং দ্বীনি দাওয়াতের এক অগ্রগামী পুরোধা। পবিত্র কোরআনের দাওয়াত ও ইসলামী আদর্শ প্রচারে তিনি ছিলেন সদা সচেষ্ট। সততা, সহজতা ও মানবিক গুণাবলির কারণে সকল শ্রেণির মানুষের নিকট তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্র।

তাঁর হাতে গড়া ছাত্ররা আজ দেশ-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত। হুজুরের ইন্তেকালে শুধু রুমখাপালং নয়, বরং সমগ্র উখিয়া তথা কক্সবাজারের দ্বীনি অঙ্গন হারালো এক উজ্জ্বল নক্ষত্র। এলাকাবাসী ও প্রাক্তন ছাত্ররা জানান, হুজুর ছিলেন আমাদের আধ্যাত্মিক অভিভাবক, তাঁর অভাব কখনো পূরণ হওয়ার নয়।

আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন প্রিয় হুজুরকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করেন, আমিন।