কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহজালাল সিকদার জিয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও জনতার চেয়ারম্যান খ্যাত সাদমান জামী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত দেড় দশকে ভোটার তালিকায় সাড়ে তিন কোটির বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন। কিন্তু এই নতুন ভোটাররা আজও কোনো জাতীয় নির্বাচনে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার সুযোগ পাননি। পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচার সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি জনগণকে সেই অধিকার ফিরিয়ে দিতে নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের জন্য যে অঙ্গীকার ঘোষণা করেছেন, সেটি বাস্তবায়নে তরুণদের উচিত তাদের প্রথম ভোট বিএনপিকে দিয়ে রাষ্ট্র পরিচালনায় সুযোগ করে দেওয়া।”
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এ সমাবেশের মূল উদ্দেশ্য দেশের তরুণ সমাজের উদ্বেগ, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে ইতিবাচক বার্তা দেওয়া। বক্তারা বলেন, তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা না করে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল সিকদার টিটু, উখিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিদুয়ানুর রহমান বাপ্পি, উখিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক আলমগীর সিকদার হান্নান, রাজাপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা কৃষক দলের আহ্বায়ক আবুল হাসান আলী, উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একই শাখার মৎস্যজীবী দলের সদস্য সচিব হেলাল উদ্দিন পল্লান।
এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা আজম শাহ আলম, নুরুজজলিল, শাহেদুর রহমান হিরু, নুর আহমদ সওদাগর, ছাত্রদল নেতা নুরুল আবছার, কৃষক দল নেতা কামাল উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, কৃষক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
