কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ১০জুলাই সন্ধ্যা ৮টার দিকে রামু ব্যাটালিয়নের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় কোটবাজার থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইক থামানো হয়। চালক হাসেম উল্লাহ (৩২), পিতা- মোহাম্মদ ইসমাইল, গ্রাম- দক্ষিণ চৌফলদন্ডী, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাদক বহনের কথা অস্বীকার করেন।
পরে ইজিবাইকের ড্রাইভিং সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে।