ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

চার দিনেও সন্ধান নেই মেহরাবের, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ পরিবার

বান্দরবানে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড়ি ছড়ার প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হওয়া হাফেজ মেহরাব হোসাইন (১৭)–এর কোনো সন্ধান ঘটনার চার দিন পরেও মেলেনি। প্রাথমিক উদ্ধার অভিযান স্থগিত হয়ে যাওয়ার পর নতুন করে কোনো তৎপরতা না থাকায় এবং প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ ও হতাশ নিখোঁজ মেহরাবের পরিবার।

গত ১৭ জুন সকালে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার হোটেল ওয়াকিয়ার মালিক মনজুর আলমের বড় ছেলে মেহরাব বন্ধুদের সঙ্গে বান্দরবানের ফাত্রাঝিড়ি এলাকায় ঘুরতে যান। বিকেল সাড়ে ৪টার দিকে ঝর্ণা দেখে ফেরার পথে হঠাৎ পাহাড়ি ছড়ায় হঠাৎ আসা পানির প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। সাথে থাকা বন্ধু ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করলেও ব্যর্থ হন। পরদিন ১৮ জুন সকালে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করলেও বিকেলে তা ‘পরিবেশ ও পরিস্থিতির কারণে’ স্থগিত করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহেদুর রহমান।
তবে নিখোঁজ মেহরাবের বাবা আবদুল মনজুর অভিযোগ করে বলেন, “এই চার দিনে প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সহায়তা পাইনি। কেউ খবরও নেয়নি। আমাদের সন্তান কোথায়, বেঁচে আছে কি না কিছুই জানি না। আমরা অসহায় হয়ে পড়েছি।”

ঘটনার দিনই নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৯৭, তারিখ: ১৮/০৬/২০২৫) করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। থানা পুলিশের ওসির অফিসিয়াল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

নিখোঁজ মেহরাবের পরিচিতি:
চেহারা: ফর্সা গাত্রবর্ণ, কালো চোখ, লম্বা কালো চুল, ছোট দাড়ি, উচ্চতা: ৫ ফুট, ওজন: ৪৫ কেজি, পোশাক: কালো হাফ হাতা টি-শার্ট, সাদা কেডস।

যদি কেউ হাফেজ মেহরাব হোসাইনের সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে মরিচ্যা বাজারস্থ ওয়ালটন প্লাজা মার্কেটে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।