ডিসেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় হযরত শাহ সুফি ফয়েজুর রহমান শাহ(রহঃ)-এর বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

দক্ষিণ কক্সবাজারের আধ্যাত্মিক জগতের আলোকবর্তিকা, অলিয়ে কামেল হযরত শাহ সুফি ফয়েজুর রহমান শাহ্ (রহঃ)-এর বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল উদযাপন করেছে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট। রবিবার (১৫ জুন) বাদ মাগরিব উখিয়া সদরস্থ একরাম মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত হয় এ মিলাদ ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত যুক্তিবাদী আলেম ও আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী।
তিনি বলেন—যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে, তাঁর দাওয়াতকে সমাজের গভীরে ছড়িয়ে দিয়েছেন, তারাই প্রকৃত অলি। এই অলিদের অবদানেই আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামের আলো জ্বলছে। আল্লাহর প্রেমে নিঃস্বার্থভাবে আত্মনিয়োগকারী এসব অলিদের সম্মান রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব।

তিনি আরও বলেন—হযরত শাহ সুফি ফয়েজুর রহমান শাহ্ (রহঃ) ছিলেন এক মহামানব। তিনি শুধু একজন আলেম নন, বরং ছিলেন আধ্যাত্মিক পথপ্রদর্শক ও মানুষের হৃদয় জয়ের কারিগর। তাঁর নিরবচ্ছিন্ন সাধনা, তাকওয়া ও আত্মিক ত্যাগ আজও উখিয়ার মানুষকে প্রভাবিত করে চলেছে। এমন একজন অলিকে স্মরণ করাও একটি ইবাদত। আর এই ইবাদতের মধ্য দিয়েই তরিকতের আসল সৌন্দর্য ফুটে ওঠে।

বক্তব্যে তিনি ইসলামের বিশুদ্ধ আকিদা, সুন্নি পথ ও আধ্যাত্মিক অনুশীলনের গুরুত্ব তুলে ধরে বলেন, আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ)-এর প্রতি ভালোবাসার নিদর্শন হলো, তাঁদের প্রেমিক ও প্রিয় অলিদের সম্মান করা। তরিকার পথে চলতে হলে নিজেকে আল্লাহর পথে বিলীন করতে হয়—এটি শুধু মুখের কথা নয়, বরং আত্মা দিয়ে উপলব্ধির বিষয়।

মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আলম ফকির।
তিনি বলেন, হযরত ফয়েজুর রহমান শাহ্ (রহঃ)-এর স্মৃতি ধরে রাখা মানেই হলো ইসলামি সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধকে লালন করা। ট্রাস্ট এই ধরনের মাহফিলের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: ডা. রেজাউল করিম – ভাইস চেয়ারম্যান, রহমত উল্লাহ ফকির –অফিস সম্পাদক, আলী হোছন ফকির, হামিদুল হক, আবুল কালাম, জসিম উদ্দিন, জিয়াউর রহমান জিয়া – ট্রাস্ট সদস্যবৃন্দ।

আলোচনা করেন: মাওলানা হাফেজ আবদুস সালাম ইছাপুরী, মাওলানা মুজিবুর হক, হাফেজ মোঃ ছাদেক উল্লাহ।
সঞ্চালনায় ছিলেন, উখিয়ার জনপ্রিয় আলেম ও শিক্ষক মাওলানা খোরশেদ আলম।

দৈনিক আপন কণ্ঠ পত্রিকার উখিয়া প্রতিনিধি হেলাল উদ্দিন উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই ধরনের আধ্যাত্মিক আয়োজন সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নূরু (সওদাগর), উখিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহিম, মোহাম্মদ ফরহাদ, মাওলানা আবু বক্কর, শাহাদাত হোসেন রিফাতসহ বহু গণ্যমান্য ব্যক্তি।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উখিয়া সদর স্টেশনে উপস্থিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তবারুক বিতরণ করা হয়। এতে মানুষের মুখে আনন্দের ঝলক এবং দোয়ার ঢল নামে।

এই মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ছিলো আধ্যাত্মিক চেতনা ও ঐক্যের এক মহা সম্মিলন। হযরত শাহ সুফি ফয়েজুর রহমান শাহ্ (রহঃ)-এর মতো আধ্যাত্মিক পুরুষের স্মরণে এমন আয়োজন সত্যিকার অর্থেই সমাজে একটি কল্যাণের বার্তা পৌঁছে দেয়।