কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ ইউনুস (২১) একেই এলাকার মৃত নাজির হোসেন ও আমেনা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস প্রতিদিনের মতো সকালে ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর বাড়ির পাশের বাঁশঝাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রস্তুত করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ উদ্ধার করে। এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের মা ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের জন্য আবেদন করেছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতের মা আমেনা বেগম জানান, আমার ছেলে কোনো অপরাধ করেনি, ওর শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই। আমি ছেলের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিতে চাই।
পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।