কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ (ইস্ট) এলাকার একটি খাল থেকে মোহাম্মদ ইমান হোসেন (১১) নামে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমান ক্যাম্প-৫ এর বাসিন্দা মো. নামাত উল্লাহর ছেলে।
বুধবার (৪ জুন) বিকেল ৫টার দিকে ক্যাম্প-৮ ইস্টের বি/৬ ব্লকের খালে ভাসমান অবস্থায় স্থানীয় রোহিঙ্গারা শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এবিপিএন) পানবাজার পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন বলেন, আমরা খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিই এবং মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। তবে বিষয়টি আরও ভালোভাবে জানতে তদন্ত চলছে। স্থানীয়দের সহায়তা নিয়ে আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি।
স্থানীয় রোহিঙ্গারা জানান, গত ১ জুন সকালে ইমান গোসল করতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফেরেনি। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর আজ তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোহিঙ্গা ক্যাম্পে এমন একটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘিরে ক্যাম্পবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।