কক্সবাজারের উখিয়ায় সামাজিক বনায়নের গাছ কেটে অবৈধভাবে পাচারের সময় একটি ডাম্পার ট্রাকসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বনবিভাগ। শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই অবৈধ কাঠ পাচার রোধ করা হয়।
বিশ্বস্ত সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টিম উখিয়ার তুলাতলী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ডাম্পার ট্রাককে থামিয়ে তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকটি সামাজিক বনায়নের গাছ কেটে কাঠ বোঝাই করে পাচার করছিল। তাৎক্ষণিকভাবে ট্রাকটি জব্দ করে উখিয়া বন অফিসে নিয়ে যাওয়া হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বনের গাছ কেটে তা অবৈধভাবে লাকড়িতে রূপান্তর করে ট্রাকে করে পাচার করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কাঠ ভর্তি ডাম্পার জব্দ করা সম্ভব হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক বনায়নের গাছ কাটার কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। এছাড়া পাহাড়ি এলাকায় বন উজাড়ের ফলে ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
বনবিভাগ জানিয়েছে, বন সংরক্ষণে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে এবং যারা বনসম্পদ ধ্বংসে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
সামাজিক বনায়ন প্রকল্পটি স্থানীয় জনগণ ও পরিবেশ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত। অথচ কিছু স্বার্থান্বেষী মহলের কারণে এই উদ্যোগ হুমকির মুখে পড়ছে।
এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, বনজ সম্পদ রক্ষায় প্রয়োজন কঠোর নজরদারি ও আইন প্রয়োগ। পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহায়তাও অপরিহার্য।