ডিসেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য মহাপরিচালক

শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া।। কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। শনিবার (৩ মে-২০২৫) সকালে স্বাস্থ্যসেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সেবার মানোন্নয়নের বিষয়ে মূল্যায়ন করতে তিনি এই পরিদর্শন করেন।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা কক্ষ, ল্যাব এবং রোগীদের খাবার সরবরাহ ব্যবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি বলেন, রোগীদের নিয়মিত খোঁজখবর রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং হাসপাতালের খাবারের মান আরও উন্নত করা আমাদের অগ্রাধিকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাস্থ্যবান জাতি গড়া সম্ভব।

পরিদর্শন শেষে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় একটি মতবিনিময় সভা, যেখানে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক। সভায় তিনি স্থানীয় স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের উৎসাহ প্রদান করেন এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রু মারমা, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের রিসার্চ অফিসার ডা. এহেচান উল্লাহ সিকদার, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসরিন জেবিন, আরএমও ডা. সাজেদুল ইমরান শাওন এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ

সংশ্লিষ্টরা আশা করছেন, এই পরিদর্শন ও মতবিনিময় সভার মাধ্যমে হাসপাতালের সেবা কার্যক্রমে নতুন গতিসঞ্চার হবে এবং জনসাধারণের স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে।