ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল সমাবেশ

 

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া।।কক্সবাজারের উখিয়ায় ১লা মে, আন্তর্জাতিক “শ্রমিক দিবস” উপলক্ষে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রমিকের অধিকারই হোক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাজারো শ্রমজীবী মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১ মে-২০২৫) সকালে উখিয়া উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে স্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা লাল পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমিক অধিকার ও ন্যায্য মজুরির দাবিতে শ্লোগান দেন। পরে উপজেলা মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জিসান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মাওলানা নুরুল হক, রাজাপালং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ ইউনুস, শ্রমিক নেতা শাহ আলম, জামায়াত নেতা, সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক নেতারা। তাঁরা শ্রমিকদের মর্যাদা, ন্যায্য মজুরি, কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রম আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, মে দিবসের চেতনাকে বুকে ধারণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।

এই আয়োজনে নারী শ্রমিকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তাঁদের উপস্থাপিত সাংস্কৃতিক পরিবেশনা ও অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। সমগ্র অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সচেতনতামূলক।

মে দিবস উপলক্ষে এমন আয়োজন শ্রমিকদের মনোবল বৃদ্ধি করেছে এবং সামাজিকভাবে শ্রমিকদের অবস্থানকে আরও দৃঢ় করেছে বলে আয়োজকরা মনে করেন।