শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।।কক্সবাজারের উখিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত, আলোকসজ্জায় সজ্জিত ও মেধাবী শিক্ষকবৃন্দ দ্বারা পরিচালিত “ইবনে আব্বাস রাঃ একাডেমী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা”য় সোমবার (২৮ এপ্রিল-২০২৫) অনুষ্ঠিত হলো ১ম সাময়িক পরীক্ষা উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ। উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থিত এ প্রতিষ্ঠানে একাডেমিক উৎকর্ষ ও দ্বীনি চেতনার সমন্বয়ে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি। শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টাই পারে একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যেন তারা প্রতিদিন সন্তানদের পড়ালেখা ও বাড়ির কাজ নিয়মিতভাবে খতিয়ে দেখেন এবং নৈতিক শিক্ষার বিকাশে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, আমরা শুধু পরীক্ষায় ভালো ফল নয়, চরিত্র গঠনে অনন্য হতে চাই। আমাদের সন্তানরা যেন দ্বীন ও দুনিয়ার সেরা মানুষ হয় — এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।
আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আজিজুর রহমান। তিনি বলেন, ছাত্রছাত্রীদের মাঝে সময়ানুবর্তিতা, শ্রদ্ধাবোধ ও নিয়মিত অধ্যয়নচর্চা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক-অভিভাবক একত্রে কাজ করলে অবশ্যই আমরা ভালো ফল পাবো।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি যেমন শিক্ষাদীক্ষায় অগ্রগামী, তেমনি শৃঙ্খলা, পরিবেশ ও শিক্ষকবৃন্দের আন্তরিকতায় অনন্য। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় দিকনির্দেশনা।
উল্লেখ্য, ইবনে আব্বাস রাঃ একাডেমী বর্তমানে কারিগরি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি মডেল দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিটি শ্রেণিতে নিয়মিত কুইজ, মেধা যাচাই ও প্রেজেন্টেশনভিত্তিক শিক্ষাদান পদ্ধতিতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয়ভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে।
আয়োজনেঃ ইবনে আব্বাস রাঃ একাডেমী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স, উখিয়া, কক্সবাজার।