শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।।
কক্সবাজারের উখিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মহিউদ্দিন মুন্সি (৬২) নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে কক্সবাজার-উখিয়া সড়কের রাজাপালং ইউনিয়নের আলিমুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন মুন্সি রাজাপালং ইউনিয়নের উত্তরপুকুরিয়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে মহিউদ্দিন মুন্সি মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে উখিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে আলিমুড়া এলাকায় একটি মিনি ট্রাক (যা স্থানীয়ভাবে ‘ছাড়পোকা’ নামে পরিচিত) তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটায়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সাইফুল ইসলাম জানান, “ঘাতক মিনি ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
মহিউদ্দিন মুন্সির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সজ্জন, সমাজসেবী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ গভীর শোক প্রকাশ করেছেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার ও ঘাতক ট্রাকের চালককে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।