শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া:
কক্সবাজারের উখিয়া বাজার পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কৃষক দল, উখিয়া উপজেলা শাখার সদস্য সচিব সাদমান জামি চৌধুরী। বুধবার (১৭ এপ্রিল-২০২৫) বাজার ব্যবস্থাপনার শৃঙ্খলা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের ভোগান্তি কমানোর লক্ষ্যে এই যৌথ পরিদর্শন পরিচালিত হয়।
পরিদর্শনের সময় বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন ইউএনও ও সাদমান জামি চৌধুরী। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করেন এবং বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিস্থিতি পর্যালোচনা করেন। ইউএনও বাজার ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় করেন এবং বাজারে শৃঙ্খলা ও নিয়মিত মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করেন।
সাদমান জামি চৌধুরী বলেন, আমরা চাই কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত হোক এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় থাকুক। জনগণের জন্য একটি সুষ্ঠু ও সুবিধাজনক বাজার পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
পরিদর্শনকালে উখিয়া উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। বাজারে সার্বিক পরিস্থিতির উন্নয়নে নিয়মিত তদারকি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইউএনও।