শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।।
পাহাড়ের মাটি পাচারে ব্যবহৃত ড্রাম ট্রাক উদ্ধার, তদন্তে নেমেছে বনবিভাগ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জের যৌথ অভিযানে পাহাড়ের মাটি পাচারকালে একটি ড্রাম ট্রাক (ডাম্পার) জব্দ করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত প্রায় পৌনে তিনটার দিকে রত্নাপালং ইউনিয়নের ঝাউতলা এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জের কর্মকর্তারা রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এসময় সন্দেহজনকভাবে চলতে থাকা একটি ডাম্পার নজরে এলে সেটিকে থামানোর চেষ্টা করা হয়। বনবিভাগের টহল দল ধাওয়া দিলে চালক ডাম্পারটি ফেলে রত্নাপালং পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে পালিয়ে যায়।
পরবর্তীতে বনবিভাগের টিম ডাম্পারটি জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। জব্দকৃত গাড়িটিতে পাহাড় কেটে তোলা মাটি ছিল বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম, ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন, ভালুকিয়া বিট কর্মকর্তা আব্দুল মান্নান, ইনানী সদর বিট কর্মকর্তা কামরুল হাসান পাটোয়ারী, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ও জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামানসহ বন বিভাগের একাধিক স্টাফ সদস্য।
ঘটনার বিষয়ে উখিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, জব্দকৃত ডাম্পার সংক্রান্ত তদন্ত চলমান রয়েছে। পাহাড় কাটার মতো অপরাধে যেই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বনবিভাগের এই পদক্ষেপকে পরিবেশবিদরা ইতিবাচক হিসেবে দেখছেন এবং অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচার রোধে আরও কঠোর অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।