ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের জমি দখলের চেষ্টায় মামলা

মুসলিম উদ্দিন, উখিয়া (কক্সবাজার)।।
কক্সবাজারের উখিয়ায় হামলা চালিয়ে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়েছে একদল ভূমিদস্যু। বিভিন্ন সময়ে ৫ লক্ষ টাকা দাবি করে আসা চাঁদা না দেওয়ার পরিপ্রেক্ষিতে রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়াস্থ জসিম আজাদের বসতবাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা।

জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহাফুজ উদ্দিন বাবুর (৪২) নেতৃত্বে  ১০/১২জন লোক জোরপূর্বক ও অবৈধভাবে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসিম আজাদের বসতবাড়িতে প্রবেশ করে তফসিলে বর্ণিত জমি নিজেদের বলে দাবি করে এবং জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়।

বিএনপি নেতা মাহফুজ উদ্দিন বাবু

ভুক্তভোগী সাংবাদিক জসিম আজাদ বলেন,  এ সময় বাধা দিলে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা বাবু ও তার দলবল। অন্যথায় জোরপূর্বক উচ্ছেদ করার হুমকি দেন। পরে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে জসিম আজাদ ও স্ত্রীর তন্নি আজাদের ওপর হামলা করে বাবুর নেতৃত্বাধীন লোকজন।

এ ঘটনায় বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি ফৌজদারী দরখাস্ত দায়ের করেন জসিম আজাদ। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে।

অভিযুক্ত ও আসামিরা হলেন, রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মহি উদ্দিন চৌধুরীর ছেলে তাইমুন উদ্দিন (২৮) ও তাইফুর উদ্দিন (৩৬); মৃত হাবিবুর রহমানের ছেলে মাহাফুজ উদ্দিন বাবু (৪২); হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁর মৃত মীর কাশেম চৌধুরীর ছেলে আলা উদ্দিন চৌধুরী (৫৮) এবং অজ্ঞাত আরও ১০/১২ জন।