শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।।
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৬ এপ্রিল) সকাল ১১টা নাগাদ এই সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে তিনজন নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াতের আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) এবং তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রবিবার সকালে সেই বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়, যার পরিণতিতে এই প্রাণঘাতী ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরকে এলোপাতাড়ি কুপিয়ে এবং হামলা চালিয়ে গুরুতর আহত করেন। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত নিকটবর্তী এমএসএফ, আলিফ এবং উখিয়া হাসপাতালে পাঠানো হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকাবাসীর সাথে কথা বলে বিষয়টির তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে আহতদের চিকিৎসা চলছে এবং আহতদের সংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে, এলাকার পরিস্থিতি উত্তপ্ত থাকায় স্থানীয় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। তবে, সংঘর্ষের মূল কারণ এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
এ ধরনের সহিংস ঘটনা স্থানীয় এলাকায় নানা প্রশ্ন তুলছে এবং স্থানীয়রা শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।