শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।।
কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া উপজেলায় শনিবার (২২ মার্চ) সকাল ১০ টা থেকে অভিযান শুরু হয়েছে। উখিয়া রেঞ্জের সদর বিটের অন্তর্গত টিএন্ডটি, হাজম রাস্তা, শীলের ছড়া, কুতুপালং, উখিয়া কলেজগেট এলাকায় অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এসব স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং সেখানকার জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, আমরা এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। স্থানীয় জনগণের স্বার্থে, পরিবেশের সুরক্ষার জন্য, এবং সরকারি সম্পত্তি রক্ষা করতে এই অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, এলাকার সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, এই ধরনের অভিযান আমাদের এলাকার পরিবেশ ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ দখলদাররা একদিকে যেমন প্রকৃতি ও সম্পদের ক্ষতি করছে, অন্যদিকে সাধারণ মানুষের অধিকারও হরণ করছে। প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সাংবাদিক নুর মোহাম্মদ শিকদার বলেন, আমরা চাই প্রশাসন এই ধরনের দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, যেন ভবিষ্যতে কেউ কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা না করতে পারে।
এই অভিযান উখিয়া অঞ্চলের পরিবেশ সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
