ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়া’র মনখালী পাহাড়ের ঝিরিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।।

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালী পাহাড়ের ঝিরিতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় স্থানীয়রা মরদেহটি দেখতে পায় এবং পরে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনখালী পাহাড়ের ঝিরিতে এক যুবকের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে। মৃত যুবকের চোখ, গলা এবং হাতে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পরনে ছিলো কালো হ্যাফ প্যান্ট এবং কালো গেঞ্জি।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) দুর্জয় সরকার জানান, মৃত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং তা অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবকের মৃত্যু ৬-৭ দিন আগে হতে পারে। তবে এখনও মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এখনও পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে, তবে পুলিশ আশা প্রকাশ করেছে যে দ্রুত মরদেহটির পরিচয় উদ্ধার করা হবে এবং হত্যাকাণ্ডের পেছনের রহস্য উন্মোচিত হবে।