ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় শিক্ষক সরওয়ার হোসেন নিলু’র নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।।

কক্সবাজারের উখিয়া উপজেলার মৌলভী পাড়া নিবাসী, খয়রাতি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক সরওয়ার হোসেন নিলু ৪ মার্চ ২০২৫ ইং তারিখ, মঙ্গলবার, ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে আছরের নামাজের পর মৌলভী পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজার আয়োজন করা হয়। জানাজার সময় হাজারো শোকার্ত মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। আত্মীয়স্বজন, শিক্ষার্থী, সহকর্মী, বন্ধুবান্ধব, স্থানীয় জনগণসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

মরহুমের পরিবার ও শিক্ষাব্যবস্থার প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে উপস্থিত লোকজনের মধ্যে কান্নার রোল উঠতে থাকে। তাঁর সততা, নিষ্ঠা, এবং শিক্ষক হিসেবে এক অনুকরণীয় আদর্শের কথা উঠে আসে। সরওয়ার হোসেন নিলু স্যার ছিলেন একজন সরল, মিষ্টভাষী, আদর্শ শিক্ষক, যিনি তাঁর জীবনভর শিক্ষার্থীদের জন্য নিবেদিত ছিলেন। তিনি শুধু পাঠদান করতেন না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে কক্সবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠান, সহকর্মী এবং শিক্ষার্থীরা গভীর শোকের মধ্যে আছে।

এ সময় মরহুমের আত্মীয়-স্বজনসহ সকলের মধ্যে কান্না এবং দুঃখের ছায়া বিরাজ করছিল। তাঁর পরিবার এবং বন্ধু-বান্ধবরা জানিয়েছেন, তিনি ছিলেন এক অতি সম্মানিত ব্যক্তি, যাঁর হৃদয়ে ছিল সবার জন্য মমতা ও ভালোবাসা। শিক্ষক হিসেবে তাঁর ভূমিকা অমুল্য, তাঁর শিক্ষা দেওয়ার পদ্ধতি, ছাত্রদের প্রতি যত্নশীল মনোভাব এবং সততা শিক্ষাজগতের এক অমূল্য সম্পদ।

এছাড়াও, স্থানীয় জনগণ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ তাঁর কর্মময় জীবনকে স্মরণ করে জানান, মরহুমের অবদান কখনো ভোলার নয়। তিনি ছিলেন এক অসাধারণ মানুষ, যাঁর হৃদয় ছিল স্বচ্ছ এবং মন ছিল বিশুদ্ধ। তাঁর চলে যাওয়ার কারণে কক্সবাজারের শিক্ষা ক্ষেত্র এক অমূল্য রত্ন হারাল।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবাই আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর আত্মাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করেন, আমিন।