ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতে ইসলামী মিছিল ও পথসভা

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।।

কক্সবাজারের উখিয়া সদর স্টেশনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণসহ জনজীবন নিরাপদ রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা শুক্রবার (২৮ ফেব্রুয়ারী ২০২৫) আছরের নামাজের পর পরই একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। উখিয়া স্টেশন জামে মসজিদ গেইট থেকে শুরু হয়ে মিছিলটি অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে উত্তর দিকে চলতে থাকে, পরে উপজেলা গেইট থেকে উখিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এসে বক্তৃতার মাধ্যমে শেষ হয়।

এমতাবস্থায়, মিছিলোত্তর পথসভায় জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী এবং উপজেলা আমীর মাওলানা আবুল ফজল সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট শাহজালাল চৌধুরী, উপজেলা সেক্রেটারী মাওলানা সোলতান আহমেদ, মাওলানা রহমত উল্লাহ প্রমূখ নেতৃবৃন্দ

জেলা আমির নুর আহমদ আনোয়ারী বলেন, মাহে রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস, যা আমাদের জন্য অনেক বড় পরীক্ষা ও নৈকট্য লাভের সময়। এই পবিত্র মাসে ব্যবসায়ীরা যেন ন্যায্য মূল্য গ্রহণ করেন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি থেকে দূরে থাকেন। তারা আরও বলেন, রোজাদারদের জন্য কোনো ধরনের অসুবিধা যেন সৃষ্টি না হয়, এবং খাবারের দোকানগুলো এই সময় বন্ধ রাখতে হবে।

এডভোকেট শাহজালাল চৌধুরী বলেন, আমরা আইন শৃঙ্খলাবাহিনীকে অবগত করছি যে, তারা যেন আমাদের পাশে দাঁড়িয়ে এই পবিত্র মাসের সম্মান রক্ষা করে। আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আছি।

এই প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে উখিয়া উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীরা তাদের দাবি নিয়ে একযোগে প্রতিবাদ জানিয়েছেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন মাহে রমজানকে সুষ্ঠু ও নিরাপদভাবে পালন করা যায়।

মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের দাবি তুলে ধরে উখিয়ার উন্নতি এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষা করতে সরকারের সহায়তা কামনা করেছেন।