ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাকুর মাহমুদ চৌধুরী , উখিয়া।।
কক্সবাজারের উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানার পক্ষ থেকে এক সম্মানজনক কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী ২৫) দুপুর ২টায় অনুষ্ঠানটি শুরু হয়। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান, ডিআইজি (অপারেশনস্-পূর্ব বিভাগ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল আলম, অ্যাডিশনাল ডিআইজি (পুলিশ সুপার পদে কর্মরত) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের ওসি মাহবুল কবির।

অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন পালং জেনারেল হাসপাতালের মার্কেটিং ম্যানেজার হাফেজ মাহমুদুল হক। পরে অতিথিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ডিআইজি হাবিবুর রহমান খান তাঁর বক্তব্যে বলেন, পুলিশ জনগণের সেবক। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সাথে জনগণের সম্পর্ক আরও দৃঢ় হবে। এ ধরনের উদ্যোগ সমাজের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি খাইরুল আলম বলেন, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা সবসময় সাধারণ জনগণ এবং পরিবহন খাতের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য প্রস্তুত। আমরা সকলের সহযোগিতা চাই, যাতে আমাদের সড়কগুলো নিরাপদ ও সুশৃঙ্খল থাকে।

উখিয়া উপজেলার পরিবহন নেতৃবৃন্দও তাঁদের বক্তব্যে পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠার জন্য পুলিশের সাথে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা বলেন, আমরা চাই না, আমাদের যাত্রীরা কোন ধরনের সমস্যায় পড়ুক। নিরাপদ যাতায়াতের জন্য পুলিশ ও পরিবহন ব্যবসায়ীদের একত্রে কাজ করা অপরিহার্য।

এছাড়া, উখিয়া উপজেলার গণমাধ্যম কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা সভার বিষয়ে তাদের মতামত প্রদান করেন। তারা বলেন, এই ধরনের ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা মানুষকে পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করতে সাহায্য করবে এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গঠনে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং সভার উদ্দেশ্য হচ্ছে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি। এছাড়া, উখিয়া অঞ্চলের পরিবহন সেক্টরে চলমান বিভিন্ন সমস্যার সমাধান এবং এর উন্নতি নিয়ে আলোচনা করা হয়।