ডিসেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় সীমান্ত টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শাকুর মাহমুদ।। কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্ত টিভি টাওয়ার সংলগ্ন পূর্বপাশ থেকে একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, নিহত যুবকের মরদেহটি ক্যাম্প-৭ এর কাঁটাতারের বাইরে, টিভি টাওয়ার সংলগ্ন উখিয়া-টেকনাফ সড়কের পূর্ব পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তারা পুলিশকে খবর দিলে, ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, যেখানে ময়নাতদন্তের পর তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে।

এ ঘটনার পর পুলিশ এলাকায় আরও তদন্ত শুরু করেছে, এবং ধারণা করা হচ্ছে এটি একটি রহস্যজনক ঘটনা। স্থানীয়রা নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি, তাই পুলিশ তার পরিচয় এবং মৃত্যুর কারণ উদঘাটনে তৎপর রয়েছে।

এদিকে, উখিয়া-টেকনাফ এলাকায় সম্প্রতি একাধিক হত্যার ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ আশা করছে, এই ঘটনার মাধ্যমে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া যাবে।